উত্তর বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় বাংলাদেশি মাছধরা নৌকা আটক



Indiapost24 Web Desk:উত্তর বঙ্গোপসাগরে টহলদারির সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ICGS Amrit Kaur একটি বাংলাদেশি মাছধরা নৌকা আটক করেছে। অভিযোগ, ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এক্সক্লুসিভ ইকোনমিক জোন)-এ অবৈধভাবে মাছ ধরছিল নৌকাটি। ঘটনায় ২৮ জন নাবিক-সহ একটি বাংলাদেশি মাছধরা নৌকা আটক করা হয়েছে।

উপকূলরক্ষী সূত্রে জানা গেছে, নিয়মিত নজরদারির সময় ভারতীয় জলসীমার ভেতরে সন্দেহজনকভাবে মাছ ধরতে দেখা যায় নৌকাটিকে। পরে জাহাজ থেকে আরোহী দল নৌকায় উঠে তল্লাশি চালায়। তদন্তে উঠে আসে, নৌকার নাবিকেরা ভারতের সমুদ্রসীমায় মাছ ধরার কোনও বৈধ অনুমতিপত্র বা ছাড়পত্র দেখাতে পারেননি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভারতের সমুদ্রসীমা (বিদেশি জাহাজ দ্বারা মাছ ধরার নিয়ন্ত্রণ) আইন, ১৯৮১ লঙ্ঘন করা হয়েছে।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, নৌকাটিতে থাকা মাছ ধরার সরঞ্জাম ও কার্যকলাপ থেকে বোঝা যায় নিষিদ্ধ এলাকায় সক্রিয়ভাবে মাছ ধরা হচ্ছিল। আটক নৌকা ও ২৮ জন নাবিককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নিরাপদে ফ্রেজারগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।

এই পদক্ষেপ ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষা, অবৈধ মাছ ধরা প্রতিরোধ এবং উপকূলীয় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উপকূলরক্ষী বাহিনীর দৃঢ় অবস্থানের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।



Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment