২০২০ সালে জেপি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগের মামলায় গ্রেফতার মগরাহাট পশ্চিমের তৃণমূল যুব সভাপতি ইমরান হাসান। ডায়মন্ড হারবার আদালতে পেশ করার কথা,ধৃতের সংখ্যা বেড়ে পাঁচ।
Indiapost24 Web Desk:বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পাঁচ বছর পুরনো মামলায় ফের গ্রেফতারি। এবার পুলিশের জালে মগরাহাট পশ্চিমের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ইমরান হাসান। বুধবার সন্ধ্যায় উস্তি থানার পুলিশ দেউলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। এই নিয়ে ওই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।
পুলিশ সূত্রে খবর, ২০২০ সালের ১০ ডিসেম্বর জেপি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগের তদন্তে নেমেই ইমরান হাসানকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করার কথা রয়েছে। এই ঘটনায় তাঁর কী ভূমিকা ছিল এবং হামলার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে জেপি নাড্ডার কনভয়কে ঘিরে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন সময়ে রাজ্য রাজনীতির পাশাপাশি জাতীয় স্তরেও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। দীর্ঘ পাঁচ বছর পর ফের এই মামলায় নতুন গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

0 comments:
Post a Comment