পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগ বাড়াতে নতুন স্লোগান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ‘বেঙ্গল মিনস বিজনেস’-এর বদলে এবার ‘ইনভেস্ট ইন বেঙ্গল, গ্রো উইথ বেঙ্গল’। নতুন শিল্পনীতি, ল্যান্ড পুলিং এবং ৩৩টি শিল্পগোষ্ঠীকে জমির নথি প্রদান ঘিরে নতুন আশার বার্তা।
Indiapost24 Web Desk:পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগ বাড়াতে নতুন স্লোগান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের আমলের ‘বেঙ্গল মিনস বিজনেস’-এর বদলে এবার বিজেপি সরকারের নতুন বার্তা, ‘ইনভেস্ট ইন বেঙ্গল, গ্রো উইথ বেঙ্গল’। মঙ্গলবার নতুন শিল্পনীতি ঘোষণার মঞ্চ থেকে বাংলায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
এদিন রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে বামফ্রন্ট সরকারের আমলের শ্রমিক আন্দোলন ও ধর্মঘটের সংস্কৃতিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, দীর্ঘদিনের শিল্পবিরোধী পরিবেশের কারণে বাংলার বহু পুরনো শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাজ্যের প্রায় ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা, বেকারত্ব এবং ভিনরাজ্যে শ্রমিকদের কাজের সন্ধানে চলে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
শিল্পের জন্য জমির নীতি নিয়েও আগের তৃণমূল সরকারকে নিশানা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, জমি অধিগ্রহণ নিয়ে স্পষ্ট নীতির অভাব শিল্পায়নের পথে বাধা তৈরি করেছিল। অন্যদিকে, বর্তমান সরকার জমি ক্রয় আইন এবং ‘ল্যান্ড পুলিং’ ব্যবস্থার মাধ্যমে শিল্পের জন্য জমি পাওয়ার প্রক্রিয়া সহজ করতে চাইছে।
মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবারের অনুষ্ঠানে ৩৩টি ব্যবসায়ী গোষ্ঠী ও শিল্পপতিদের হাতে জমি সংক্রান্ত নথি তুলে দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, নতুন বিনিয়োগের মাধ্যমে রাজ্যে শিল্পের প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
এখন দেখার, নতুন শিল্পনীতি ও নতুন স্লোগান কতটা বাস্তবে রূপ নেয় এবং বাংলার শিল্প ও কর্মসংস্থানের ছবিতে কতটা পরিবর্তন আসে।

0 comments:
Post a Comment