আদিবাসী পড়ুয়াদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের ৩২৪টি আবাসিক হস্টেলে দেওয়া হবে হারমোনিয়াম-সহ বাদ্যযন্ত্র। পাশাপাশি পড়ুয়াপিছু মাসিক খাদ্য অনুদান ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে।
Indiapost24 Web Desk:আদিবাসী পড়ুয়াদের শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার আলিপুরদুয়ার থেকে রাজ্যের ১৪ হাজার ৭৫৩ জন ছাত্রছাত্রীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন তিনি। সেই সঙ্গে রাজ্যের ৩২৪টি আদিবাসী আবাসিক ছাত্রাবাসে হারমোনিয়াম-সহ বিভিন্ন বাদ্যযন্ত্র দেওয়ার ঘোষণা করা হয়েছে।
আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য আরও বড় সুখবর, আবাসিক ছাত্রাবাসে পড়ুয়াপিছু মাসিক খাদ্য অনুদান ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় ১,৫০০ টাকা অনুদান বৃদ্ধি করা হল। ছাত্রছাত্রীদের খাবারের মান এবং ছাত্রাবাসের পরিচ্ছন্নতা নিয়ে কোনওরকম আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন লোকেনাথপুর আশ্রম হস্টেলে পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। তাঁদের পড়াশোনা, খাবার ও অন্যান্য সুযোগ-সুবিধার খোঁজ নেন। পাশাপাশি প্রত্যেক আবাসিক পড়ুয়াকে একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
এছাড়াও ময়নাবাড়ির হাতিপোতা মোড়ে ভগবান বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন এবং একটি রাস্তার নামকরণ করেন মুখ্যমন্ত্রী। আদিবাসী উন্নয়ন প্রকল্প, বৃত্তি ও সংরক্ষণের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভুয়ো এসটি শংসাপত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানানো হয়েছে।

0 comments:
Post a Comment