বস্তারে আধা সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করে মাওবাদ নির্মূলের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবার ‘দিমাগি নকশাল’ নিয়ে সতর্কবার্তা এবং কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি।
Indiapost24 Web Desk:দীপাবলিতে একসময়ের মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ের বস্তারে আধা সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন যে, শুধু ছত্তিশগড় নয়, সারাদেশ থেকেই মাওবাদীদের নির্মূল করার যে সংকল্প এনডিএ সরকার নিয়েছিল, তা পূরণ হয়েছে।
তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সশস্ত্র মাওবাদ নির্মূল হলেও 'দিমাগি নকশাল' বা মানসিক নকশালপন্থীরা এখনও দেশের সমাজজীবনে সক্রিয় রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ও বিভিন্ন ক্ষেত্রে এই দিমাগি নকশালরা ভারতে হিংসা ও নৈরাজ্যবাদ ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি, তারা বিভিন্ন গণতান্ত্রিক দলের মধ্যেও অনুপ্রবেশ করেছে বলে মোদি এদিন অভিযোগ করেন।
তিনি আরও বলেন, একসময় মাওবাদ ও মাওবাদী সন্ত্রাস যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় সমস্যা ছিল, তা কংগ্রেস নেতারা এবং কংগ্রেসের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমও বলতেন। কিন্তু এখন সেই দিমাগি নকশাল ও নকশালপন্থী তাত্ত্বিকদের সঙ্গেই কংগ্রেস ও অন্যান্য গণতান্ত্রিক দলগুলি হাত মিলিয়েছে বলে মোদির অভিযোগ।
প্রধানমন্ত্রী জানান, দিমাগি নকশালদের বিরুদ্ধে তাত্ত্বিক লড়াই অব্যাহত রাখতে হবে। কোনোক্রমেই হিংসা ও নৈরাজ্যবাদের পক্ষে এই তত্ত্বকে মেনে নেওয়া যাবে না, কারণ এটি ভারতীয় সমাজজীবনকে ধ্বংস করে দেবে।
নরেন্দ্র মোদি সন্তোষ প্রকাশ করে বলেন, সরকার মাওবাদ নির্মূল করার জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিল, তার মধ্যেই শুধু বস্তার বা ছত্তিশগড় নয়, সারাদেশেই মাওবাদীদের নির্মূল করা সম্ভব হয়েছে। পাশাপাশি, অনেকেই মূল স্রোতে ফিরে আসায় তিনি আনন্দ প্রকাশ করেন।
অন্যদিকে, অতীতের কংগ্রেস আমলেই যে দেশের বিভিন্ন প্রান্তে মাওবাদীরা বাসা বেঁধেছিল এবং হিংসা চালিয়ে যাচ্ছিল, সে অভিযোগও করেন তিনি। শুধু ছত্তিশগড়েই কত আধা সেনা জওয়ানকে প্রাণ দিয়ে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে, তাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

0 comments:
Post a Comment