Indiapost24 Web Desk:ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে বিপুল পরিমাণ সরকারি জমি হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সীমান্ত বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৈঠকের পর মন্ত্রী দিলীপ ঘোষ জানান, সীমান্তবর্তী বিভিন্ন জেলায় মোট ৩১.৯০৫ একর সরকারি জমি বিএসএফের হাতে চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পাশাপাশি মালদা, নদিয়া ও কোচবিহার জেলায় তিনটি নতুন সীমান্ত চৌকি নির্মাণের জন্য আরও ১.৫৩ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও উত্তর দিনাজপুর জেলার ১১টি পৃথক স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও সংশ্লিষ্ট পরিকাঠামো গড়ে তুলতে আরও ১২.৭২ একর সরকারি জমি বিএসএফের অনুকূলে হস্তান্তরের প্রস্তাবে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা।
অন্যদিকে, উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেবক-রংপো ব্রডগেজ রেল প্রকল্পের জন্যও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগরাকাটার বামনডাঙা চা-বাগান এলাকায় ২০ একর সরকারি জমি উত্তর-পূর্ব সীমান্ত রেলের হাতে তুলে দেওয়ার অনুমোদন মিলেছে। পরে ক্ষতিপূরণমূলক বনসৃজন কর্মসূচির আওতায় ওই জমি বনদপ্তরের হাতে হস্তান্তর করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে।

0 comments:
Post a Comment